ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সাভারে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি, সঙ্গে থাকা বন্ধু গুলিবিদ্ধ

সাভারে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি, সঙ্গে থাকা বন্ধু গুলিবিদ্ধ
×
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ২৩:২৩

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে সাইদুর রহমান নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানাধীন ধলপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সাইদুর রহমান রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লালমনিরহাটের সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি‑সংক্রান্ত বিষয় নিয়ে ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ানের সঙ্গে একই এলাকার হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে হাফিজুরের ছেলে আসিফ ও তাঁর সহযোগী কামরুল মোটরসাইকেলে এসে রকি দেওয়ানকে লক্ষ্য করে পিস্তল দিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। এ সময় একটি গুলি রকির সঙ্গে থাকা তাঁর বন্ধু সাইদুর রহমানের বাম হাঁটুর ওপর বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং পরে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×