চাঁদা তুলে খেলার মাঠের জন্য জমি কিনলেন গ্রামবাসী
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০০:৩০ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ০০:৩২
শিশু-কিশোরদের খেলার জন্য স্থায়ী মাঠের ব্যবস্থা করতে চাঁদা তুলে ৬০ শতাংশ জমি কিনেছেন গ্রামবাসীরা। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। গত বৃহস্পতিবার গ্রামবাসীরা জমি বুঝে নেওয়ার পর থেকে উৎসবের আমেজ বিরাজ করছে বাবুপুরে। জাতীয় পতাকা উত্তোলন করে মাঠ উদ্বোধন করা হয়।
প্রায় সাড়ে তিন হাজার মানুষের বাবুপুরে ৭০০-এর অধিক পরিবার বাস করে। এতদিন গ্রামটিতে শিশু-কিশোর বা তরুণদের খেলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না।
খেলার মাঠের জন্য জমি কেনার অন্যতম উদ্যোক্তা এস এম ইকবাল মাহমুদ জানান, গ্রামের ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলমের সঙ্গে পরামর্শ করে এ উদ্যোগ নেওয়া হয়। পরে এলাকার বিত্তবানরা এ ব্যাপারে আগ্রহ দেখালে একটি মতবিনিময় সভার মাধ্যমে জমি কেনার সিদ্ধান্ত হয়।
খোরশেদ আলম বলেন, গ্রামের সবার কাছেই জমি কেনার জন্য অর্থসহায়তা চাওয়া হয়। গ্রামবাসী কেউ ২০০ টাকা, কেউ ৫০০ টাকা, কেউ ১ হাজার টাকা, কেউ কেউ তাঁদের সামর্থ্য অনুযায়ী ২ হাজার, ৫ হাজার, ১০ হাজার টাকা পর্যন্ত দেন। এমনকি, যাঁর কাছ থেকে জমি কেনা হয়েছে সেই ইকবাল হোসেন সুজনও ১ শতাংশ জমি দান করেন। ফলে, তাঁকে ৫৯ শতাংশ জমি বাবদ ৩০ লাখ ৬৮ হাজার টাকা দেওয়া হয়।
গ্রামের কিশোররা জানান, ধান কাটা হলে আমরা খেলতে পারতাম। কিন্তু আবার ফসল চাষের মৌসুম হলে মাঠের অভাবে খেলতে পারতাম না।