ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
×
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ২২:৫১

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭-এ কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কর্মকর্তাকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটির অন্য দুই সদস্য হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে।

শুক্রবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের প্রচলিত বিধিবিধান ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি যথাসম্ভব স্বল্পতম সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে উপস্থাপন করবে। মন্ত্রীর নির্দেশনা ও পরামর্শের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটিকে ফ্লাইট বিজি ৩৭৭-এর কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্‌ঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ত্রুটি শনাক্তকরণ, নিরসন এবং পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করবে কমিটি।

এ ছাড়া কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাবও নিরূপণ করবে তদন্ত কমিটি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা, সমন্বয়হীনতা কিংবা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণ করতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও দেবে কমিটি।

বিমান সূত্রে জানা যায়, চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি।

আরও পড়ুন

×