ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

বিভিন্ন অঙ্গরাজ্যে আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসন

বিভিন্ন অঙ্গরাজ্যে আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসন
×
×

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০২:৫২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ০২:৫৫

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। এর মধ্যে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে আইনি তৎপরতা জোরদার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে, যা ট্রাম্পের শেষ দুই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আলাস্কায় গত বৃহস্পতিবার নতুন করে সংশোধিত একটি মামলা করেছে মার্কিন বিচার বিভাগ। এতে গুরুত্বপূর্ণ একটি সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী অল্প ভোটের ব্যবধানে হেরে গেলে ফল অনুমোদন ঠেকানোর আবেদন জানানো হয়েছে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের বরাতে বিচার বিভাগ অভিযোগ করেছে, ডেমোক্র্যাটদের কয়েকজন নির্বাচনী কৌশলবিদ রিপাবলিকান দলীয় বর্তমান সিনেটর ড্যান সুলিভানের ভোট কমিয়ে দিতে একই নামে আরেক প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়েছেন।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যটির নির্বাচনী কর্মকর্তাদের ওপর চাপ আরও বাড়িয়েছে বিচার বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের দেখা নথির বরাতে জানা গেছে, বিদেশি নাগরিকদের ভোট দেওয়ার অভিযোগে চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তাদের কাছে সমন পাঠানো হয়েছে।

এই দুই পদক্ষেপকে একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর নির্বাচনে কেন্দ্রীয় সরকারের নজিরবিহীন হস্তক্ষেপের ঘটনা ঘটছে। দেশটির সংবিধান অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোর নির্বাচন পরিচালনার দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের। আগামী ৩ নভেম্বর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ওয়াশিংটন থেকে আরও আইনি চ্যালেঞ্জ আসতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের প্রায় ১০টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট আসনের একটি আলাস্কা। সেখানে চলমান বিরোধের কারণে সিনেটে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা নির্ধারণ হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। বর্তমানে রিপাবলিকানদের কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেতে ডেমোক্র্যাটদের নিট চারটি আসন বাড়াতে হবে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের এক বা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবেন।

জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা
রিয়েলক্লিয়ারপোলিংয়ের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ের জনমত জরিপে রিপাবলিকানদের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। দল দুটির সমর্থন যথাক্রমে ৫১ দশমিক ৪ ও ৪৩ দশমিক ২ শতাংশ।

গত ১৪ থেকে ২২ অক্টোবর উইসকনসিনে পরিচালিত মারকুয়েট ল স্কুলের সর্বশেষ জরিপের ফল গত ২৮ অক্টোবর প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ট্রাম্পের কর্মকাণ্ডে সমর্থন জানিয়েছেন ৩৭ শতাংশ উত্তরদাতা। অন্যদিকে তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৬১ শতাংশ। আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মাত্র ১৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, এক বছর আগের তুলনায় তারা এখন আর্থিকভাবে ভালো আছেন। ৪২ শতাংশ জানিয়েছেন, তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে। বাকি ৪২ শতাংশ বলেছেন, তাদের পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি।

এদিকে ‘কুক পলিটিক্যাল’-এর প্রতিবেদনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাত আসনের মধ্যে নর্থ ক্যারোলাইনা নেই। নির্বাচনে প্রতিযোগিতার মাত্রা ও ফল বিশ্লেষণ করার নির্দলীয় সংস্থাটি নর্থ ক্যারোলাইনার বাইরের সাতটি আসনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে। এসব আসনে যেকোনো প্রার্থী জিততে পারেন। ফলাফল ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের ওপর বড় প্রভাব ফেলতে পারে। অঙ্গরাজ্যগুলো হলো মিশিগান, আলাস্কা, টেক্সাস, ওহাইও, আইওয়া, কানসাস ও মেইন।

প্রচারে যাওয়া কমাচ্ছেন ট্রাম্প
নির্বাচনের আগে ভোটারদের সমর্থন আদায়ে শেষ মুহূর্তের প্রচার চলছে। এর মধ্যে দুটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কর্মসূচি বাতিল করে টেলিফোনে প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। গতকাল শুক্রবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারে অংশ নেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পাওয়া অঙ্গরাজ্যটিতে সমর্থকদের উজ্জীবিত করাই তার লক্ষ্য।

সাধারণত যে অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকানদের জয় প্রত্যাশিত, সেগুলোতে প্রচার চালাচ্ছেন তিনি। তবে কানসাস ও আইওয়ায় তার পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে, এর পরিবর্তে আগামী মঙ্গলবার নির্বাচনের আগে ভার্চ্যুয়ালি প্রায় ২০টি নির্বাচনী প্রচার অনুষ্ঠানে অংশ নেবেন। খবর আলজাজিরা ও রয়টার্সের।

আরও পড়ুন

×