সৈয়দপুরে ত্রাণের স্লিপ টাকার বিনিময়ে বিক্রির প্রতিবাদে মানববন্ধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ০৮:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নীলফামারীর সৈয়দপুরে টাকার বিনিময়ে ত্রাণের স্লিপ বিক্রির প্রতিবাদে এবং ত্রাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষরা হামুরহাট-তারাগঞ্জ সড়কে ওই মানববন্ধন করেন। শতাধিক মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ত্রাণের চাল বিক্রি কেন” এমন নানা ধরনের শ্লোগান লেখা প্লাকার্ডও প্রদর্শন করে। আর এসব প্লাকার্ডে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় শাখার এক নেতার নাম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় শাখার ওই নেতার বিরুদ্ধে ত্রাণের স্লিপ একশত টাকার বিনিময়ে বিক্রির অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানান।
