ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

রাজশাহীতে ৬৭ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক

রাজশাহীতে ৬৭ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১০:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী  লীগ নেতার বাড়ি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) ৬৭ বস্তা চাল শনিবার উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়. শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং ওএমএস ডিলার আলাউদ্দীন স্বপনের গোয়ালপাড়াস্থ বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার বলেন, আলাউদ্দীন স্বপন তার লোকজন নিয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চালের বস্তা পরিবর্তন করেছিল। 

উপজেলা খাদ্য কর্মকর্তা জামালউদ্দীন জানান, গত ৬ এপ্রিল আলাউদ্দীন স্বপন ও এমএস ডিলার হিসাবে কাকনহাট খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা (১৫ মেট্রিক টন) চাল উত্তোলন করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে ৭ এপ্রিল থেকে কার্ডধারী গরীবদের মাঝে চাল বিতরণ শুরু করে। 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি অফিসার জালালউদ্দীন দেওয়ান বলেন, ১৬ এপ্রিল ওএমএস ডিলার আলাউদ্দীন স্বপন মোবাইল ফোনে জানায় ৪৯২ জনকে চাল দেয়া হয়েছে। আর ৮ বস্তা চাল তার গুদামে রয়েছে। 

পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাকিব সরকার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল একজন প্রতিমাসে ৩০ কেজি চাল ১০ টাকা ধরে পাবে। ওএমএস ডিলার আলাউদাদীন স্বপনের কাছ থেকে ৫০০জন অতিদরিদ্র মানুষ চাল পাবে। কিন্তু গরীবদের চাল না দিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে মজুদ রাখে আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন স্বপন। 

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় আলাউদ্দীন স্বপনকে আটক করে তার কাগজপত্র যাচাই করা হচ্ছে। 

ইউএনও নাজমুল ইসলাম সরকার বলেন, আলাউদ্দীন স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা জানান, ২০১২ সালের দিকে আলাউদ্দীন স্বপন আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে তিনি উপজেলা যুবদলের সভাপতি ছিলেন। 

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ আটককৃত পাকড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দীন স্বপনকে দল থেকে বহিষ্কার করা হবে।

আরও পড়ুন

×