ফরিদপুর-১
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ
ফরিদপুর অফিস ও মধুখালী প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৫:৫৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১৫:৫৭
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। ইতোমধ্যে এ আসনের ক্ষমতাসীন দলের চার নেতা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা নিয়ে গঠিত আসনটিতে স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছেন। তাই এলাকাটিতে নৌকার মনোনয়নের জন্য সম্ভাব্য প্রার্থীরা আগেভাগেই গণসংযোগে নেমে পড়েছেন।
সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ এলাকায় ডিজিটাল বিলবোর্ড, ব্যানার, পোস্টারিংসহ বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছেন। গ্রামগঞ্জের বিভিন্ন হাটবাজারে গিয়ে সরাসরি গণসংযোগ করছেন কেউ কেউ। কেউ বা আবার দলীয় নেতাকর্মী নিয়ে করছেন উঠান বৈঠক।
বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার।
তিনি মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মৃধার বাজার, মেগচামী পুরান বাজার, মেগচামী নতুন বাজার, মেগচামী বিল আড়ালিয়া বাজার, কোড়কদী ইউনিয়নের বামুন্দী বাজারসহ মধুখালী সদরের বিভিন্ন হাটবাজারে দলের নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন।
লিয়াকত সিকদার বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। দেশের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে সরকারপ্রধান বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন মেগচামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাব্বির শেখ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাসেম মৃধা, সাধারণ সম্পাদক প্রভাস দাস প্রমুখ।
একই ধরনের গণসংযোগে অংশ নেন বোয়ালমারী উপেজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া। তিনি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন হাটবাজারের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
