আড়াইহাজারের গণপিটুনিতে ডাকাত নিহত
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০ | ২৩:৪১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনতার গণপিটুনিতে জুয়েল নামে (৩৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত দেড়টায় লস্করদী গ্রামের আবদুল কাদিরের বাড়িতে ১০/১২ জনের এক দল সশস্ত্র ডাকাত হানা দেয়। পরিবারের লোকজনের চিৎকারে বাড়ির পাশের লোকজন স্থানীয় মসজিদের ইমামকে জানায়। ইমাম মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি জানালে লস্করদী, মনোহরদীসহ আশপাশের গ্রামের শত শত লোক বের হয়ে ডাকাত দলকে ঘেরাও করে।
ওসি জানান, এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে পারলেও জুয়েলকে জনতা আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহত জুয়েল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় ধর্ষণ, হত্যাচেষ্টাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- গণপিটুনি
