ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ফরিদপুরে ত্রাণ বিতরণে অনিয়মে প্যানেল মেয়রের ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ত্রাণ বিতরণে অনিয়মে প্যানেল মেয়রের ১০ হাজার টাকা জরিমানা
×

প্যানেল মেয়র মির্জা জাকির

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০০:৩৯

ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকিরের বিরুদ্ধে  ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা ও মাপে কম দেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শহরেরর রঘুনন্দনপুর গ্রামে সহায়তা গ্রহণকারীরা জানান, শুরু থেকেই জাকির এক কেজি ও কারো দুই কেজি পর্যন্ত চাল কম দেন। পরে এ নিয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন ত্রাণপ্রত্যাশীরা।    

গোয়ালচামট এলাকায় ইছহাক নামের এক ব্যক্তি জানান, জাকির চাল কম দেওয়ায় আন্দোলন শুরু হলে মেয়র এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে প্রায় ৩০০ লোককে ১/২কেজি করে চাল কম দেওয়া হয়েছে।

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু জানান, বুধবার দিনব্যাপী ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডের ৫৪টি স্থানে ৬২ মেট্রিক টন চাল ১২ হাজার ৪০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি পরিমাণ চাল দেওয়া হয়।

তিনি বলেন, চাল কম দেওয়ার অভিযোগ পাওয়ার পর আমি নিজে থেকে পরে উপস্থিত সবাইকে ৫ কেজি করে চাল দেই।     

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, ফরিদপুর পৌরসভার এক নম্বর (সাবেক) ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর্জা জাকির হোসেন খোদা বক্স রোড ও রঘুনন্দনপুর গ্রামে  দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করার সময় বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও মাপে কম দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আরও পড়ুন

×