পলাশ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ আরো ২ জন আক্রান্ত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- সমকাল
পলাশ(নরসিংদী)প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০১:৫৯
নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও এক গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ দুই জন নিয়ে পলাশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৮ জন। বিষয়টি নিশ্চিত করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী।
আক্রান্ত গৃহবধূর বাড়ি ঘোড়াশাল পৌর এলাকার কুটিরপাড়া গ্রামে।
ফারহানা আলী জানান, করোনা সন্দেহে শনিবার ও রোববার ওই কমিউনিটি মেডিকেল অফিসার ও গৃহবধূর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পরে বুধবার সন্ধ্যায় তাদের দুই জনের রিপোর্ট পজিটিভ আসে।
রাতেই ওই গৃহবধূর বাড়ি ও স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের ওই কমিউনিটি মেডিকেল অফিসারের বাসভবন লকডাউন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, নতুন করে আক্রান্ত দুজনের শারীরিক অবস্থা ভাল আছে। তাই তারা দুজনেই বাড়িতে আইসোলেশনে থাকবে। এসময় তাদের বাসা থেকে কেউ বের হতে ও ঢুকতে পারবেনা।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, লকডাউন করা বাড়ি ও স্বাস্থ্য কমপ্লেক্সের বাসভবন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের খাদ্যসামগ্রী লাগলে পুলিশ ব্যবস্থায় দেওয়া হবে।
এ জেলার প্রথম করোনা রোগী পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের শামীম মিয়া নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন
