নরসিংদীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
নরসিংদীতে কৃষকের ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০২:০৭ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ০৩:১৬
করোনাভাইরাসের কারণে দেশে ধান কাটার মৌসুমে ধান কাটার শ্রমিক নিয়ে যেখানে কৃষকরা হিমশিম খাচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এগিয়ে এসেছে নরসিংদীর ছাত্রলীগের নেতাকর্মীরা। সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের নরসিংদী-মদনগঞ্জ সড়কের পাশের মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে তারা।
নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতির উদ্যোগে করোনাভাইরাসের কারণে শ্রমিকের অভাবে নরসিংদীতে বিপাকে পড়া অসহায় এসব কৃষকের পাশে দাঁড়িয়েছে নরসিংদী ছাত্রলীগ।
নরসিংদী জেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, করোনা ভাইরাসের কারণে কৃষকেরা লোকবলের অভাবে বিপাকে পড়েছেন। গ্রামের এসব অসহায় কৃষকের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নরসিংদী জেলার সব ছাত্রলীগ নেতাকর্মীরা পাশে দাঁড়িয়েছেন।
নরসিংদী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হাই জানান, এবছর নরসিংদী জেলায় ৫৫ হাজার ৩১১ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। আশা করা যাচ্ছে, জমিতে বাম্পার ফলন হবে। করোনার কারণে নরসিংদী জেলার বিভিন্ন মিল-কারখানা বন্ধ থাকায় আশা করছি নরসিংদীর ধান কাটার শ্রমিকের অভাব হবে না।
তাছাড়া নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আটটি কম্বাইন্ড হারভেস্টার ছয়টি উপজেলায় বিতরণ করা হয়েছে।
