নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত
ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০২:৪৯
নওগাঁয় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই রোগী নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনা পরীক্ষায় ওই সেবিকার রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার সকালে নওগাঁর সিভিল সার্জন মো. আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
ওই সেবিকা করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা চিকিৎসক, সেবিকা ও অনান্য স্বাস্থ্য কর্মীদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন তা যাচাইয়ে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই সেবিকার বয়স ২৫ বছর। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর পরীক্ষাগারে পাঠায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইমেইলে তার নমুনা প্রতিবেদন আসে। নমুনা পরীক্ষার প্রতিবেদনে ওই সেবিকা করোনা ‘পজিটিভ’ হিসেবে ধরা পড়ে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন মো. আখতারুজ্জামান বলেন, ওই সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়ার পরই বিষয়টি রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মেডিকেল টিমকে জানানো হয়েছে। ইতোমধ্যে ওই সেবিকার সংস্পর্শে আসা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন তা যাচাই করার কাজ চলছে।
তিনি আরও বলেন, ওই সেবিকা হাসপাতালে ওয়ার্ডে ডিউটির পাশাপাশি টিকাদান কর্ণারেও দ্বায়িত্ব পালন করতেন। ধারণা করা হচ্ছে, ডিউটিতে থাকার সময় করোনা আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসার ফলে তিনি আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। বিষয়টি বেশ উদ্বেগজনক।
রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন বলেন, ‘ওই সেবিকা হাসপাতাল কোয়ার্টারে বসবাস করেন। করোনা আক্রান্ত হওয়ায় তার পরিবারের অন্যান্য সদস্য এবং কোয়ার্টারে থাকা অন্য স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকা অবরুদ্ধ থাকবে।’
এদিকে সিভিল সার্জনের কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, নওগাঁ জেলা থেকে এ পর্যন্ত ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১ জনেরই শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
- বিষয় :
- নওগাঁ
- করোনাভাইরাস