এবার স্কোরলাইন উল্টে দিন: ট্রাম্পকে বেলজিয়াম ও ইরানের উপহাস
যুক্তরাষ্ট্রের বিপক্ষে চতুর্থ গোলের পর ‘ট্রাম্প ড্যান্সের’ ভঙ্গিতে বেলজিয়ামের ফুটবলাররা (বাঁয়ে)। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৬:৫৪ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১৭:০৩
রাজনৈতিক উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে গোল উদযাপনের ধরনে ভিন্নতা দেখা যাবে, সেটিই যেন স্বাভাবিক। হলোও তাই। সিয়াটলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চতুর্থ গোল করার পর বেলজিয়ামের বেশ কয়েকজন খেলোয়াড় ক্যামেরাবন্দি হন ‘ট্রাম্প ড্যান্সের’ ভঙ্গিতে।
নির্বাচনী প্রচারের সময় ২০২৪ সালে ট্রাম্পকে প্রায়ই মঞ্চে উঠে বিশেষ ভঙ্গিতে নাচতে দেখা যেত। যা পরে ‘ট্রাম্প ড্যান্স’ নামে পরিচিতি পায়। ফিফার সিদ্ধান্তে হস্তক্ষেপ করা মার্কিন প্রেসিডেন্টকে যেন সেই নাচের মুদ্রায় উপহাস করলেন বেলজিয়ামের ফুটবলাররা।
Diabolical: Belgian soccer squad does the Trump dance after DESTROYING the US Team 4:1 pic.twitter.com/zjRnd5RYxW
— Catch Up (@CatchUpFeed) July 7, 2026
এখানেই শেষ নয়। ম্যাচ শেষে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্ট্রাইকার রোমেলু লুকাকুর কানে হাত দিয়ে উদযাপনের একটি ছবিতে এই স্কোরলাইন যুক্ত করে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে বেলজিয়াম জাতীয় দল। ক্যাপশনে লেখা, ‘ওভারটার্ন দিস’।
শেষ ষোলের এই ম্যাচের আগে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করতে ফিফায় হস্তক্ষেপ করেছিলেন ট্রাম্প। ম্যাচ শেষে লুকাকুর ওই ছবি পোস্ট করে বেলজিয়াম যেন মার্কিন প্রেসিডেন্টকে বার্তা দিল- এবার স্কোরলাইন বদলে দিন।

যে বালোগানকে নিয়ে এত আলোচনা তিনি কিন্তু ম্যাচে বেশ বিনয়ী ছিলেন। বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়াও সাংবাদিকদের সামনে বালোগানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ম্যাচ শেষে বালোগান কথা বলতে এসেছিলেন। তাঁর এই আচরণ সত্যিই ভালোর মতো।
এদিকে ইরানও যুক্তরাষ্ট্র ও বালোগানের ঘটনা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি। অফিসিয়াল ওয়েবসাইটে তারা বেলজিয়ামের সঙ্গে নিজেদের ড্র করা ম্যাচের স্ক্রিনশট এবং যুক্তরাষ্ট্রের বড় হারের ছবি পাশাপাশি পোস্ট করেছে। লেখা হয়েছে, ‘ফুটবলের কাছে রাজনীতির এমন অপমানজনক পরাজয়ে এখন পুরো বিশ্ব নাচছে।’