সাজাভোগ শেষে তামাবিল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
ফেরত আসা ১০ বাংলাদেশি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৭:২৯
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে সাজাভোগ শেষে ১০ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা বাংলাদেশিরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। দীর্ঘ সময় সাজাভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন— রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিকচর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজ্জাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫), মো. আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো. মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পরে থানা পুলিশের মাধ্যমে তাদের নিজ নিজ স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।