সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৮:৪৯
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে মো. সজীব (৩২)। পুলিশ জানিয়েছে, তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন। এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব যুবলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, এনসিপির সভাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে আমি ওইদিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ বলেন, গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ১০ টার দিকে সাভার পৌর এলাকার তারাপুর মাঠে এনসিপি ঢাকা জেলা উত্তর আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা পরবর্তী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন দলীয় প্রধান নাহিদ ইসলাম। সভা পরিচালনা করছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।