ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

টানা বর্ষণে তলিয়ে গেছে সড়ক, খাগড়াছড়িতে যান চলাচল বিঘ্নিত

টানা বর্ষণে তলিয়ে গেছে সড়ক, খাগড়াছড়িতে যান চলাচল বিঘ্নিত
×

ছবি-সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ১৬:৫৩ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১৮:০০

খাগড়াছড়িতে তিনদিন ধরে টানা বর্ষণে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও বাসা-বাড়িতে ঢুকছে পানি। কিছু কিছু সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছে নিম্নাঞ্চলের মানুষরা। এছাড়া টানা বৃষ্টিতে বেড়েছে পাহাড় ধসের আশঙ্কা।

ভারী বৃষ্টিতে মঙ্গলবার মহালছড়ি উপজেলার চব্বিশ মাইল, মাইসছড়ি ও কেরেঙ্গেনালা এলাকায় সড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে। এসব এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। 

সেচের নালার স্লুইসগেট বন্ধ থাকায় বৃষ্টির পানি সরতে পারেনি। ফলে খাগড়াছড়ি–রাঙামাটি সড়কের মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় হাঁটু থেকে কোমরপানিতে সড়ক ডুবে গেছে।

মঙ্গলবার টানা বৃষ্টিতে জেলা সদরের মুসলিম পাড়ার নিচু এলাকা, উত্তর গঞ্জপাড়া, মেহেদী বাগের একাংশ, মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার, দীঘিনালা ও লংগদু সড়ক তলিয়ে গেছে ফলে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। 

জেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ অঞ্চলে থাকা শতাধিক পরিবারদের সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে। এছাড়া পানিবন্দি থাকা পরিবারদের জন্যে আশ্রয় কেন্দ্র খোলার কথা জানানো হয়েছে।

জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, বর্তমানে সকল রকমের সচেতনতা ও দুর্যোগ মোকাবিলায় কার্যক্রম নেওয়া হয়েছে। আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×