কক্সবাজারে আরও দুইজনের করোনা পজেটিভ
কক্সবাজার অফিস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০৪:৩০
কক্সবাজারে আরও দুইজনের দেহে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৯ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ৮ জন কক্সবাজার জেলার। আরেকজন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির।
শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ৭২ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করার পর শুক্রবার প্রকাশিত রিপোর্টে দুইজনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। তার মধ্যে একজনের বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া ও অপরজনের বাড়ি টেকনাফের পানিরছড়ায়।
ডা. অনুপম বড়ুয়া আরও বলেন, গত ২৩ দিনে মোট ৬৮৬ জন সন্দেহভাজন রোগীর করোনা টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ৯ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহাবুবর রহমান বলেন, আমরা প্রতিদিনই কক্সবাজারের ৮টি উপজেলা, রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে থাকি। পরবর্তীতে কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবে তা টেস্ট করা হয়। এখন বেশি সন্দেহভাজন ব্যক্তির নমুনা টেস্ট করার চেষ্টা করছি।