মিঠাপুকুরে ৫ বছরের শিশুর শরীরে করোনা
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ১০:৩৪
রংপুরের মিঠাপুকুরে পাঁচ বছর বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।
জ্বর, সর্দি ও কাশি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল সে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর বৃহস্পতিবার তার করোনা ধরা পড়ে।
এ নিয়ে উপজেলায় দুই চিৎিসকসহ পাঁচজন করোনায় সংক্রমিত হলেন।
করেনায় আক্রান্ত ওই শিশুর মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে বাড়ি ফিরে আসেন তিনি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করেন।
এর আগে মিঠাপুকুরে প্রথম করোনা আক্রান্ত হয় এক এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী শিক্ষার্থী। মামার বাড়ি নারায়ণগঞ্জ থেকে এসে অসুস্থ হয়ে পড়েছিল সে।
গত ১৮ এপ্রিল করোনা ধরা পড়ে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল হালিমের। এর একদিন পর ওই স্বাস্থ্য কমপ্লেক্সের অপর চিকিৎসক আফসানা লাইজুর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এর দুই দিন পর স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষারোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা আনিছুর রহমানের শরীরেও করোনার অস্তিত্ব ধরা পড়ে।
দুই চিকিৎসক এবং একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় ২০ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার । তিনি বলেন, সাধারন রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসকদের সংস্পর্শে আসলে সংক্রমণের আশঙ্কা থাকে। তাই, স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে।
- বিষয় :
- মিঠাপুকুর
