ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

শ্রীপুরে বৃদ্ধকে পেটালেন আওয়ামী লীগ নেতা, থানায় মামলা

শ্রীপুরে বৃদ্ধকে পেটালেন আওয়ামী লীগ নেতা, থানায় মামলা
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ১০:৩৭

গাজীপুরে শ্রীপুরে ওমর আলী ফরাজী নামের এক বৃদ্ধকে মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব হাসান ভূঁইয়া ও তার ছেলে রনী ভূঁইয়া পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

ওমর আলী ফরাজীর ছেলের অভিযোগ, শুক্রবার সকালে সিংগারদিঘী ফিস পার্ক নামে একটি মৎস্য খামারের কাছে গেলে লোহার রড ও লাঠি দিয়ে তার বাবাকে পেটানো হয়। এক পর্যায়ে দা দিয়ে কোপানো হয়। 

এ ঘটনায় ওমর ফরাজীর ছেলে আফসার উদ্দিন ফরাজী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা  দায়ের করেছেন।

আফসার ফরাজী বলেন, বাবাকে নিয়ে তিনি ওই ফিস পার্কে যাওয়া মাত্রই আইয়ূব হাসান ভূঁইয়া ও তার ছেলে রনী ভূঁইয়া হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই বাবাকে তারা কোপাতে থাকে। ওই ফিস পার্কের তার ব্যবসা রয়েছে বলেও দাবি করেন। 

তবে মাওনা ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি আইয়ূব হাসান ভূঁইয়া বলেন, ওই ফিস পার্কে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। হঠাৎ করেই ওমর ফরাজীর ছেলে আফসার এসে সেই ব্যবসা কেড়ে নেওয়ার চেষ্টা করে। গত ক’দিন ধরেই তার শ্রমিকদেরকে কাজে বাধা দিয়ে আসছিলেন। শুক্রবার আফসার তার বাবা ওমর ফরাজীকে নিয়ে কাজে বাধা দিতে আসলে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে মাটিতে পড়ে গিয়ে ওমর ফরাজী আহত হন। 

আফসার ফরাজী বলেন, বাবাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়ের কোপে কপালে ক্ষত হয়েছে। ৭টা সেলাই দিতে হয়েছে। আইয়ূব হাসান ভূঁইয়া মিথ্যার আশ্রয় নিয়েছে বলে তার দাবি। 

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, আইয়ূব হাসান ভূঁইয়াকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন আহত ওমর আলী ফরাজীর ছেলে আফসার ফরাজী। 

শ্রীপুর থানার ওসি (অপারেশন) তারিকুজ্জামান বলেন , আসামিদের গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।  

আরও পড়ুন

×