চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর লাশ দাফনে স্থানীয়দের বাধা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ১০:০৫
চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ফাতেমা (৪০) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার রাতে হাজীগঞ্জে শ্বশুরবাড়ির কবরস্থানে দাফন করতে গেলে গ্রামবাসী বাধা দেন। পরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) আফজাল হোসেনের সহায়তায় রাত সাড়ে ৩টার দিকে তার দাফন হয়।
মারা যাওয়া নারী শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডস্থ মুন্সি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি হাজীগঞ্জের পূর্ব রাজারগাঁও।
হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, শুক্রবার রাত ৮টায় ওই নারী জ্বর, গলা ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। পরে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই নারীর স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে ওই নারীর লাশ হাজীগঞ্জ উপজেলায় তার শ্বশুরবাড়ির কবরস্থানে দাফন করার জন্য নেওয়া হয়। তখন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রামবাসী বাধা দেন। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে যান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) আফজাল হোসেন। তিনি নিজেই কবর খুড়েন। লাশ দাফনের ব্যবস্থা করেন।
তিনি আরও বলেন, এলাকাবাসী লাশ দাফনে বাধা দিচ্ছেন শুনে আমি নিজে রাত একটায় সেখানে যাই। সবাইকে বুঝিয়ে লাশটি দাফন করি।
চাঁদপুর জেলার সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
- বিষয় :
- চাঁদপুর
- করোনা উপসর্গ