ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মহাসড়কে বাস থামিয়ে চাঁদা আদায়, আটক ৪

মহাসড়কে বাস থামিয়ে চাঁদা আদায়, আটক ৪
×

গত ১০ দিনের বেশি সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায় করা হচ্ছিল। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৩:১০ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৩:৪৫

ফরিদপুরের সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে চাঁদা আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তারা রশিদ দিয়ে বিভিন্ন পরিবহন থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করছিলেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের থানায় নেওয়া হয়।

আটক ব্যাক্তিরা হলেন- মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মতি মিয়া।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, গত ১০ দিনের বেশি সময় ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায় করা হচ্ছিল। এ নিয়ে পরিবহন সংশ্লিষ্টদের একাধিক অভিযোগের পর পুলিশ নজরদারি বাড়ায়। পরে অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিটি বাস থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়া হচ্ছিল। তবে এ অর্থ আদায়ের কোনো বৈধতা ছিল কি না এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, পরিবহন থেকে অর্থ উত্তোলনের সময় চারজনকে আটক করা হয়েছে। তারা কী কারণে টাকা তুলছিলেন, তা জানতে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। তদন্তে অবৈধভাবে অর্থ আদায়ের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং এর পেছনে কোনো চক্র কাজ করছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×