কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও চারজন, ইউএনও কোয়ারেন্টাইনে
ইউএনওকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে লকডাউন করা হয় উপজেলা চত্ত্বরের ডরমেটরি- সমকাল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ০২ মে ২০২০ | ১০:১৯ | আপডেট: ০২ মে ২০২০ | ১০:২৬
কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদের একজন কর্মচারীসহ জেলায় নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে চান্দিনায় দুইজন, মনোহরগঞ্জ একজন এবং হোমনায় একজন রয়েছেন বলে শনিবার সমকালকে নিশ্চিত করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, চান্দিনায় উপজেলা পরিষদের একজন কর্মচারীসহ (৫২) দুইজন আক্রান্ত হয়েছেন। তারমধ্যে উপজেলার মহারং গ্রামে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ১০০ ছাড়িয়েছে।
তিনি জানান, উপজেলা পরিষদের কর্মচারী আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ ও তার গাড়ি চালককে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে কুমিল্লা জেলার সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, মনোহরগঞ্জের বাইশগাঁও গ্রামে একজন নারী গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তিনি ঢাকায় থাকতেন। তার স্বামীও ঢাকায় গাড়ি চালান। এদিকে হোমনায় নতুন করে আরও একজন ব্যক্তি আক্রান্ত হয়েছে। তিনি এনজিও কর্মী।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ জানান, আক্রান্ত ওই কর্মচারী উপজেলা চত্ত্বরের ডরমেটরিতে থাকেন। আটজন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারসহ ওই ডরমেটরিটি লকডাউন করা হয়েছে। উপজেলা পরিষদে সর্বসাধারণের আগমন ও প্রস্থান সীমিত করা হয়েছে।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাকে এবং আমার গাড়ি চালককে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। ওই পরামর্শ অনুযায়ী উপজেলা চত্বরের ইউএনও বাসভবনে হোম কোয়ারেন্টাইনে আছি।
- বিষয় :
- কুমিল্লা