রামগতিতে উপসর্গে মৃত যুবকের করোনা নেগেটিভ, মার পজিটিভ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০ | ২২:০৫
লক্ষ্মীপুরের রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলেও তার মায়ের পজিটিভ এসেছে। শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে তাদের নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকার ওই যুবক জ্বর-সর্দি ও শ্বসকষ্টে আক্রান্ত হয়ে গত ২৫ এপ্রিল রাতে মারা যান। করোনার উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ২৬ এপ্রিল সকালে ওই যুবকের নমুনা সংগ্রহ করে। পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের ১১ সদস্যের নমুনাও সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে মৃত যুবক এবং তার বাবা ও ভাই-বোনসহ নয়জনের করোনা নেগেটিভ আসলেও তার মায়ের পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম জানান, এনিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এর আগে এক ইউপি সদস্যসহ পাঁচজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাদের মধ্যে প্রথম শনাক্ত হওয়া করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- রামগতি
- করোনাভাইরাস