দুর্গাপুরে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৮:৩০
নেত্রকোনার দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
উপজেলার বাকলজোড়া ইউনিয়নে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সাংসা গ্রামের আজমত খাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের নাজিম উদ্দিন খাঁর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মামলা মোকাদ্দমা চলে আসছে। এ নিয়ে আরও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রাম্য সালিশে এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার সালিশে সুরাহা হলও বেশি দিন টেকেনি।
এরই জেরে রোববার বিকেলে আজমত খাঁর সঙ্গে নাজিম উদ্দিন খাঁর ছেলের সাথে বাকবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাজিম উদ্দিন খঁর ছেলে আবদুল হাকিম (১৬)আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হান্নান খাঁ (১৬), মোফাজ্জাল খাঁ (২৮), মিজান খাঁ(৪০), সুলতান খাঁ (৪০), আজমত খাঁ (৪৬), সাহাব উদ্দিন (৪৫) আবদুর রহমানকে (৩৮) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া এবং এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- নেত্রকোনা