ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কুমিল্লা থেকে আরও ১৩৫ শ্রমিককে পাঠানো হলো বরেন্দ্র এলাকায়

কুমিল্লা থেকে আরও ১৩৫ শ্রমিককে পাঠানো হলো বরেন্দ্র এলাকায়
×

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৩ মে ২০২০ | ১০:৩৭

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটার জন্য কুমিল্লায় আটকে পড়া শ্রমিকদের চতুর্থ দফায় তিনটি বাসযোগে পাঠানো হয়েছে। রোববার দুপুরের দিকে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ১৩৫ জন শ্রমিককে নগরীর শাসনগাছা থেকে সেখানে প্রেরণ করা হয়।

এর আগে ৩ দফায় ২৬১ জন আটকে পড়া শ্রমিককে বরেন্দ্র ও হাওর এলাকায় প্রেরণ করা হয়। সমকালকে এ সব তথ্য জানান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ সুপার আরও জানান, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণার পর গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা কুমিল্লায় আটকা পড়েন। এ সময় শ্রমিকরা কোন কাজ না পেয়ে অর্থ ও খাবার সংকটে পড়েছিল। দেশের কৃষি কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী এ জেলায় আটকে পড়া কৃষি শ্রমিকদের সেখানে প্রেরণের জন্য আমরা সহযোগিতা করেছি। কারণ, বরেন্দ্র ও হাওর এলাকায় পর্যাপ্ত কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, শিলা-বৃষ্টি ও ঝড়ে কৃষকের পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে। তারা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে ধান কাটার কাজে নেমে পড়বেন।

গাড়িতে উঠানোর আগে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে বাসে উঠানোসহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা নির্ণয় করা হয় এবং মাস্ক ও শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আজিম উল আহসান, তানভীর সালেহীন ইমন, নাজমুল হাসান রাফী, ডিআইও-ওয়ান মো. মাঈনুদ্দিন, ডিবির ওসি আনোয়ারুল আজিম, কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ারুল হকসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×