কুমিল্লায় স্বাস্থ্যকর্মীসহ আরও ৮ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ০৩ মে ২০২০ | ১১:১২
কুমিল্লার লাকসামে স্বাস্থ্যকর্মী এবং দেবিদ্বারে মা-মেয়েসহ জেলায় নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দেবিদ্বার পাঁচজন, বরুড়ায় দুইজন ও লাকাসামে একজন। এ নিয়ে কুমিল্লায় মোট ৯২ জনের করোনা শনাক্ত হলো।
রোববার নতুন করে ৮ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহম্মেদ কবীর জানান, দেবিদ্বার উপজেলা সদরে মা-মেয়েসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা গত ৩০ এপ্রিল দেবিদ্বার সদরে করেনায় মারা যাওয়া শঙ্কর হোমিও ফার্মেসীর মালিক ডা. সুকুমার চন্দ্র দে এর নাতি, ওই একই বাড়ির মা ও তার স্কু পড়ুয়া মেয়ে, মাছিমপুর গ্রামের একজন এবং শঙ্কর হোমিও ফার্মেসীর এক কর্মচারী। এ নিয়ে দেবিদ্বারে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে এক ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এ দিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিচ্ছেন। তিনি হাসপাতালের পাশে থাকতেন। তার পরিবারের মধ্যে দুইজনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের নমুনার রিপোর্ট আগামীকাল দেওয়া হবে।
অন্যদিকে বরুড়া উপজেলায় আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন পুলিশের এসআই বিকাশের দাদি ও সিএনজিচালিত অটোরিকশা চালকের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নিসাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, রোববার পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৩৫টি নমুনার মধ্যে এক হাজার ৮৯২টি রিপোর্ট প্রকাশ হয়েছে। তার মধ্যে ১৪ উপজেলার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে সুস্থ হয়েছেন ২২ জন।