ফরিদপুরে মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের কুলখানি অনুষ্ঠিত
মুজিবর রহমান- আগের ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৪৮
বিশিষ্ট বামপন্থী নেতা, ফরিদপুর শহরের ওয়ারলেস পাড়া মহল্লার বাসিন্দা, ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের ওয়ারলেস পাড়াস্থ জামে মসজিদে এ উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।
প্রসঙ্গত, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
শুক্রবার বিকেলে (বাদ আছর) ওয়ারেসপাড়া জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের আলীপুরস্থ পৌর গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এক বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের অধিকারী ছিলেন মুজিবর রহমান। ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়নে যোগ দেওয়ার মধ্যে দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। কমিউনিস্ট পার্টি, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হলেও উচ্চ কোনো পদে তিনি ছিলেন না। তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টির মুখপত্র সাপ্তাহিক একতা এবং ন্যাপের মুখপত্র সাপ্তাহিক যুগবাণী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ফরিদপুর নিসর্গ সংসদের সভাপতি, ফরিদপুর নাগরিক মঞ্চের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন মুজিবর রহমান।
