ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমকালের মির্জাপুর প্রতিনিধি দুর্লভ বিশ্বাসের মৃত্যু

সমকালের মির্জাপুর প্রতিনিধি দুর্লভ বিশ্বাসের মৃত্যু
×

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস। ছবি-সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪ | ১৬:২৯ | আপডেট: ০৬ মার্চ ২০২৪ | ১৮:০৪

দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৭১ বছর।

অধ্যাপক দুর্লভ বিশ্বাসের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রামে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্লভ বিশ্বাস উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকাকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর পুনরায় লেখাপড়া শুরু করেন। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৮২ সালে মির্জাপুর কলেজে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতি এবং সক্রিয়ভাবে সাংবাদিকতা করেন। ১৯৯২ সালে দৈনিক সংবাদে মির্জাপুর প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালে যুগান্তর পত্রিকার শুরু থেকে মির্জাপুর প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং সমকাল পত্রিকার শুরু থেকে মির্জাপুর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। এর আগেও তিনি বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পত্রিকায় কাজ করেন। 

তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার হিসেবে টানা দুই মেয়াদ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সার্বক্ষণিক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি ২০২১ সালে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী দুর্লভ বিশ্বাসকে বাওয়ার কুমারজানি পারিবারিক সমাধিস্থলে সমাহিত করা হয়।

অধ্যাপক দুর্লভ বিশ্বাসের মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক আলমগীর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া মির্জাপুরের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল সদরের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ ও সাধারণ সম্পাদক এসএম শিপন শোক জানিয়েছেন।

আরও পড়ুন

×