কর্ণফুলীর করোনায় আক্রান্ত নারীর হাসপাতালে মৃত্যু
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ১০:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত একজন ৬৫ বছর বয়সী নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ওই নারী ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের বাসিন্দা।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, '২৭ এপ্রিল বিআইটিআইডির নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা শনাক্ত হয়। এরপর গত ২৮ এপ্রিল তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। অবস্থা স্থিতিশীল হওয়ার পর আইসিইউ থেকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয় তাকে।'
তিনি আরও বলেন, 'ওই নারী ফুসফুসের ক্যান্সারেও ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অবস্থা স্থিতিশীল থাকলেও ক্যান্সার একেবারে ফাইনাল স্টেজে ছিল। সেজন্যই মূলত তার মৃত্যু হয়েছে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'ওই নারীর লাশ চট্টগ্রাম নগরে দাফন করা হবে। এজন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) সঙ্গে যোগাযোগ করেছি।'
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন।