তিন জেলায় সংঘর্ষে নিহত ২, আহত ২৭
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২০ | ১১:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঝিনাইদহের শৈলকুপা, ফরিদপুরের বোয়ালমারী ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘর্ষে দুইজন নিহত ও পুলিশসহ ২৭ জন আহত হয়েছেন।
প্রতিনিধিদের পাঠানো খবর:
শৈলকুপা (ঝিনাইদহ): ঝিনাইদহের শৈলকুপায় ধুলিয়াপাড়া গ্রামে আব্দুল কুদ্দুস খাঁ ও মকবুল মৌরীর বিরোধের জেরে দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত তিনজনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে লাল্টু মন্ডল ও অভি উদ্দিন নামে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিহত লাল্টু ওই গ্রামের মনজের মন্ডলের ও অভি লোকমান হোসেনের ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।
বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামে খন্দকার ওমর হাফিজ ও শাকির আহমেদ পক্ষের মধ্যে সংঘর্ষে দুই এসআই, নয়জন কনস্টেবলসহ ২০ জন আহত হয়েছে। দশটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার ও রাতে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বোয়ালমারী থানা ও ডহরনগর ফাঁড়ি পুলিশ ২০ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে এবং ৫টি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। পুলিশ উভয় পক্ষের দশজনকে আটক করেছে।
বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান বলেন, পুলিশ এ্যাসল্টের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দুই পক্ষের কেউই সোমবার দুপুর ২টা পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ায় জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামে রফিক ও বরাত আলীর পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। সলংগা থানার ওসি জেড জেড এম তাজুল হুদা জানান, কোন পক্ষ থানায় মামলা দিলে তা গ্রহণ করা হবে।