শাহজাদপুরে করোনা ঝুঁকি নিয়েই ঈদ কেনাকাটায় ভিড়
ছবি: সমকাল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২০ | ২৩:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দেশে যখন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সেই সময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঝুঁকি নিয়েই ঈদের কেনাকাটায় দোকানগুলোতে ভিড় করছে মানুষ।
উপজেলায় সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট ও সব দোকানপাট খোলার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। গত দু'দিন ধরে এই সুযোগ ঈদ কেনাকাটা শুরু করে স্থানীয়রা।
সোমবার পৌরসদরের মনিরামপুর ও দ্বারিয়াপুর বাজার ঘুরে দেখা যায়, নিরাপদ দূরত্ব বজায় না রেখেই ঈদের ক্রেতাদের ভিড় দোকানপাটে। ফুটপাত-মার্কেট সর্বত্রই ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। প্রায় ৭ লাখ মানুষের বাস শাহজাদপুরে। এ অঞ্চলের হাজার হাজার মানুষ বিদেশফেরত। ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে কর্মরত অনেকই বাড়িতে ফিরে হোম কোয়ারান্টাইনে ছিলেন এবং এখনও আছেন।
ঈদকে সামনে রেখে নিরাপদ দূরত্ব বজায় না রেখে এভাবে কেনাকাটা করায় শাহজাদপুরে করোনা ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম খান জানান, শাহজাদপুর থেকে ৪৩ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে ৪২ জনের নমুনা পরীক্ষার রির্পোট তারা হাতে পেয়েছেন। বাকি একজনের রির্পোট এখনও হাতে পাওয়া যায়নি । ৪২ জনের কারোও করোনা পজেটিভ আসেনি। এরপরেও সারাদেশে যেভাবে করোনা সংক্রমন ও মৃত্যুর হার বাড়ছে তাতে ঝুঁকি রয়ে গেছে। তাই এ সময়ে নিরাপদ দূরত্ব বজায় না রেখে ভিড় করে কেনাকাটা করাটা আত্মঘাতী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, 'মানুষ যদি নিরাপদ দূরত্ব বজায় না রাখে তাহলে তা বিপদ ডেকে আনবে। আমরা সামাজিক দূরত্ব নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।