যৌতুক না পেয়ে নির্যাতনের পর স্ত্রীর চুল কাটল স্বামী
মঙ্গলবার ভোররাতে ওই গৃহবধূর স্বামী সুমন আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সমকাল
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ০১:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় যৌতুক দাবিতে স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতে এক গৃহবধূ কল দেন ৯৯৯ নম্বরে। একই সঙ্গে বাবার বাড়িতে ফোন করে তাকে উদ্ধারের আকুতি জানান। পুলিশ ও স্বজনদের সাহায্য চাওয়ায় বেড়ে যায় স্বামীর নির্যাতনের মাত্রা। এক পর্যায়ে ওই গৃহবধূর চুল কেটে দেয় স্বামী সুমন আহমদ।
সোমবার উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে সিলেটের এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর চিকিৎসা নিশ্চিত করে। এরপর মঙ্গলবার ভোররাতে দিঘলবাগ থেকে তার স্বামী সুমনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছন তার স্ত্রী।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ওই গৃহবধূ ৯৯৯ এ কল দিয়ে ঘটনা জানান। তার বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনার পর থেকে নির্যাতনকারী গতিবিধির নজর রাখে এবং ভোররাতে তাকে গ্রেপ্তার করে।