ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

করোনা জয় করে বাড়ি ফিরল ১০ মাসের শিশু

করোনা জয় করে বাড়ি ফিরল ১০ মাসের শিশু
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ০১:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের কমলনগরে করোনা জয় করে বাড়ি ফিরেছে ১০ মাস বয়সী শিশু আবদুর রহমান। টানা ২০ দিন করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে সোমবার সন্ধ্যায় মায়ের কোলে করে বাড়ি ফিরে সে। 

রহমান উপজেলার চরলরেন্স ভক্তপাড়া এলাকার প্রবাসী নূর হোসেনের ছেলে 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিশু আবদুর রহমান জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলে চিকিৎসার জন্য স্বজনরা ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৮ এপ্রিল রাতে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটিতে পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ আসে। 

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে মা মনি বেগমের সঙ্গে থেকে চিকিৎসা নেয় রহমান। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ পরপর দুইবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। দুই পরীক্ষায়ই ফলাফল নেগেটিভ আসায় সুস্থ ঘোষণা করে সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিট থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। 

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজীব শিশু আবদুর রহমান ও তার মাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, এখন পর্যন্ত কমলনগরে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শিশু আবদুর রহমানসহ চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অপর তিনজনের চিকিৎসা চলছে।

আরও পড়ুন

×