ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা

রাজবাড়ীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯ | ০৯:০৪

রাজবাড়ীতে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। উপজেলার মিজানপুর ইউনিয়নের ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। 

গত বৃহস্পতিবার কিশোরীর বড় ভাই বাদী হয়ে আকাশ মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে মামলাটি করেন। আকাশ একই ইউনিয়নের মহাদেবপুর গ্রামের নান্নু মণ্ডলের ছেলে। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দু'দিন পর ওই কিশোরী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় আকাশ তাকে জোর করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়। যে কারণে সে কাউকে কথাটি বলেনি। দুই মাস পর তার শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে জানা যায় সে অন্তঃসত্ত্বা। তখন কিশোরী সব খুলে বলে। এরপর সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু আকাশ সালিশের রায় মানেনি। যে কারণে মামলা করতে তাদের দেরি হয়েছে।

মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, ঘটনাটি সত্য। ভুক্তভোগীরা আমার কাছে এসেছিল। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি। এসব ঘটনা সালিশে মীমাংসা করা যায় না।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। যেহেতু কিশোরী অন্তঃসত্ত্বা, তাই ডাক্তারি পরীক্ষার প্রয়োজন পড়েনি। আসামি আকাশকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×