ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে পর্যটনমন্ত্রী

সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী

সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী
×

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ২২:২২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করে, তারা বাংলাদেশের ভালো চায় না। তারা স্বাধীনতাবিরোধী চক্র। শুক্রবার রাজশাহীর কালেক্টরেট মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

ফারুখ খান বলেন, প্রধানমন্ত্রী যখন ভারত গিয়েছিলেন তখন শুধু বাংলাদেশ নয়, ভারত-নেপাল-ভুটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছেন। কানেক্টিভিটি মানেই ডেভেলপমেন্ট, কানেক্টিভিটি মানেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, রাজশাহী বিমানবন্দরের নানামুখী উন্নয়নের কাজ চলছে। এটাকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা যায় কিনা, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, রাজশাহীতে পদ্মা নদীতে চর উঠে এসেছে। এটিকে পর্যটননগরী তৈরি করা হবে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে একটি আধুনিক রিসোর্ট নির্মাণ করা হবে।

কালেক্টরেট মাঠে শুক্রবার প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহী। এ উৎসবের উদ্বোধন করেন মুহাম্মদ ফারুক খান। পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ডা. দেওয়ান মুহাম্মাদ হুমায়ূন কবীর, জেলা প্রশাসক শামীম আহমেদ।

আরও পড়ুন

×