ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মনিরামপুরে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ৩

মনিরামপুরে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ৩
×

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৭:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যশোরের মনিরামপুরে ক্ষেতের পাশ থেকে নজরুল ইসলাম নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ রোববার সকালে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। 

নজরুল উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত নিছার আলী মোড়লের ছেলে। 

নিহতের ছোট ছেলে জাহিদ হাসান জানান, নজরুল শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। রোববার সকালে মাঠে মরিচ ক্ষেতের পাশে তার  রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।  

নজরুলের স্ত্রী পারুল বেগম জানান, তার স্বামী মাঠে একটি জমি বর্গা নিয়ে মরিচ চাষ করেন। তাদের ওই জমির পাশে জমি রয়েছে একই গ্রামের আমীর হোসেনসহ অন্যদের। আমীর হোসেনের ছেলে আসাদুলও মরিচ চাষ করেন। এর মধ্যে আসাদুলের জমিটি একটু উঁচু। ২০ মে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে মরিচ ক্ষেতে বৃষ্টির পানি জমে। ক্ষেত থেকে পানি সরানো নিয়ে আসাদুলের সঙ্গে নজরুলের ঝগড়া হয়। ২৯ মে বৃষ্টিতে নতুন করে ক্ষেতে আরো পানি জমে। জমির পানি সরানো নিয়ে আসাদুলের সঙ্গে নজরুলের আবারো ঝগড়া হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এসব বিরোধের জের হিসেবে আসাদুল ও তার লোকজন বিকেল থেকে যেকোন সময় মারপিটের পর নজরুলকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। 

মনিরামপুরের ওসি(সার্বিক) রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আসাদুল ইসলাম, মেহেদী হাসান এবং আবদুল জব্বারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া একটি কোদাল জব্দ করা হয়েছে। 



আরও পড়ুন

×