বিয়ের দুই মাস না পেরোতেই মালয়েশিয়ায় কর্মস্থলে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
নিহত মো. শোয়াইব বিশ্বাস। ছবি: সংগৃহীত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১০:৫১ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ১১:০৭
মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় মো. শোয়াইব বিশ্বাস (২৩) নামে ফরিদপুরের সালথা উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চলতি বছরের এপ্রিলে দেশে এসে বিয়ে করেছিলেন। বিয়ের প্রায় দুই মাস পর জীবিকার তাগিদে আবার মালয়েশিয়ায় ফিরে যান। শুক্রবার দেশটির জহুর বারু এলাকায় একটি নির্মাণ প্রকল্পে কাজ করার সময় বুম ক্রেনের চাপায় তার মৃত্যু হয়।
শোয়াইব বিশ্বাস সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি মো. শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
শনিবার সকালে শোয়াইবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভগ্নিপতি মো. তুহিন হাসান।
পরিবারের সদস্যরা জানান, ২০২৩ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান শোয়াইব। রাজধানী কুয়ালালামপুরে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন তিনি। পরে চলতি বছরের এপ্রিলে ছুটিতে দেশে ফিরে বিয়ে করেন। ছুটি শেষে গত ১ জুলাই আবার মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান।
পরিবারের ভাষ্য, শুক্রবার সকালে মালয়েশিয়ার জহুর বারু এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের অধীনে বুম ক্রেনের সহায়তায় নির্মাণাধীন ভবনে ফায়ার ফাইটিং পাইপ স্থাপনের কাজ করছিলেন শোয়াইব। এ সময় একটি বুম ক্রেনের চাপায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শোয়াইবের ভগ্নিপতি তুহিন হাসান বলেন, শুক্রবার দুপুরে মালয়েশিয়ায় কোম্পানির দায়িত্বপ্রাপ্ত এক বাংলাদেশি ফোন করে তার মৃত্যুর খবর জানান। পরে দুর্ঘটনার কিছু ছবি ও ভিডিও পাঠানো হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে পাঠাতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী বলেন, নিহত ব্যক্তি যদি বৈধভাবে কর্মরত হয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কোম্পানি ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে পরিবারের কোনো জটিলতা হলে প্রবাসী কল্যাণ সেন্টার প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে।
- বিষয় :
- মালয়েশিয়া
- ফরিদপুর
- বাংলাদেশি নিহত
- প্রবাসী