কুমিল্লায় করোনা জয় করে কাজে ফিরলেন ১০ পুলিশ সদস্য
করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে -সমকাল
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৫:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুমিল্লা জেলা পুলিশের দশ সদস্য ও একজন বিশেষ আনসার সদস্য করোনা জয় করে কাজে ফিরেছেন। সঠিক নিয়ম মেনে চিকিৎসা সেবা নিয়ে তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার সকালে নিজের কার্যালয়ে পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম করোনা জয় করে ফেরা পুলিশ ও আনসার সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সুস্থ হয়ে ওঠা পুলিশ সদস্যরা ফের কাজে যোগ দিয়েছেন।
কুমিল্লা জেলা পুলিশ সূত্র জানায়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে ১০ জন পুলিশ সদস্য ও ১ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হন। পরে জেলা পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলামের সার্বিক মনিটরিংরের পাশাপাশি ও উন্নত চিকিৎসার কারণে আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসাধীন অবস্থায় পর পর তিনবার পরীক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসে। পরে হাসপাতাল কর্তপক্ষ তাদের সুস্থ ঘোষণা করে।
সুস্থ হওয়া পুলিশ সদস্যরা হলেন- বরুড়া থানার এসআই বিকাশ চন্দ্র ঘোষ, দেবিদ্বার থানার কনস্টেবল মো. তানভীর পাটোয়ারী, অহিদ ইসলাম, মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, রহিজ উদ্দিন, আবু তাহের, গিয়াস উদ্দিন, আবদুর রশিদ ও মিজানুর রহমান। এছাড়াও দেবিদ্বার থানার বিশেষ আনসার সদস্য সমের আলী।
পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বলেন, কুমিল্লা জেলায় ২৮ জন পুলিশ সদস্য আক্রান্ত। তাদের মধ্যে ১০ জন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেন। মানুষের সেবা করার জন্য কর্মস্থলে ফিরছেন। উৎসাহ দিতেই করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। আমি বিশ্বাস করি আগের মতই করোনাজয়ী পুলিশ সদস্যরা মানুষের সেবায় নিয়োজিত হবে। তার কারণ দেশের সেবায় পুলিশের অতীত ইতিহাস অনেক গৌরবের। সে ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।