জয়পুরহাটে লাইটপোস্টের আলো নিভিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
সীমান্তে বিএসএফের সঙ্গে বিজিবির কথোপকথন চলছে। ছবি- সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৬:২১
জয়পুরহাট সদরের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে লাইটপোস্টের আলো নিভিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে স্থানীয় ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় রয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা তিনজনকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি সীমান্তে পাহারায় থাকা গ্রামবাসীদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেন এবং বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান গ্রহণ করে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।
আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম হাফিজুর রহমান (৬৫)। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর বাড়ি নড়াইল জেলায়। তবে তাঁর সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে তা প্রতিহত করেন। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং ওই তিনজনকে ফেরত পাঠানোর বিষয়ে দুই বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। এ লক্ষ্যে পতাকা বৈঠকের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘বিএসএফ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’