ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লকডাউন জারি ও বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাস্তায় বাম জোট

লকডাউন জারি ও বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাস্তায় বাম জোট
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৫:০৮ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৫:১১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন জারি এবং বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বগুড়ায় মানবন্ধন ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও সমাবেশে বাম জোটের আওতাভুক্ত দলগুলোর নেতাকর্মীরা অংশ নেন। সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের বগুড়া জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম।

প্রতিবাদ কর্মসূচি চলাকলে বক্তারা বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন জারি এবং জনগণের মধ্যে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানেরও দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বাস ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, বাসের ভাড়া ইতিপূর্বেই অযৌক্তিভাবে বাড়ানো হয়েছে। আবার নতুন করে পরিবহন মালিকদের স্বার্থে ভাড়া বাড়ানো হয়েছে। বক্তারা জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক তৃতীয়াংশ কমলেও দেশে তা কমানো হয়নি। যদি জ্বালানি তেলের দাম কমানো হয় তাহলে বাসের ভাড়া বৃদ্ধির প্রয়োজন হবে না।

বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যখন ঊর্ধ্বমুখী তখন লকডউনের মেয়াদ বাড়ানো উচিত ছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং টেকনিক্যাল কমিটিসহ অনেকেই এই মত দিয়েছিলেন। কিন্তু সরকার সবার মত উপেক্ষা করে অফিস-আদালত, দোকান-পাট গণপরিবহনসহ সবকিছু খুলে দিয়ে জনগণকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বাসদ বগুড়া জেলার আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, ওয়ার্কার্স পার্টিও জেলা নেতা শাহাদৎ হোসেন শান্ত।

আরও পড়ুন

×