ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নোয়াখালীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ২৩:৪০ | আপডেট: ০৩ জুন ২০২০ | ০০:০০

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে করোনায় আরও চার জন মারা গেছেন। মৃতদের মধ্যে একজন বেসরকারি টেলিভিশন যমুনা টিভির নোয়াখালী প্রতিনিধি মোতাসিম বিল্লাহ্ সবুজের বাবা কাজী মো. সোলায়মান। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেলেন ১৯ জন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য প্রশাসন এসব তথ্য জানায়।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনী পৌর হাজীপুরের বাসিন্দা ও সাংবাদিক সবুজের বাবা কাজী মো. সোলায়মান (৬৪) মারা গেছেন। সোমবার তার করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনের ছিলেন। এছাড়াও ১ জুন সোমবার রাতের আসা রিপোর্টে উপজেলার একলাশপুরে বাসিন্দা নূরুল হক (৬২) ও দূর্গাপুর এলাকার বাসিন্দা নবীর হোসেন (৬৫) এর করোনা পজেটিভ আসে। তারা দু’জনই গত ৩১ মে রোববার মারা যান। এর আগে গত ২৯ মে মারা যাওয়া শরীফপুর ইউনিয়নের মধ্য খানপুর গ্রামের বাসিন্দা মো. হানিফ (৬০) এর করোনা পজেটিভ এসেছে।  

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, গত ৩০ মে অসুস্থ অবস্থায় মারা যান উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের আহসান উল্যাহ (৫৩)। মৃত্যুর আগে উনার নমুনা সংগ্রহ করা হয়। ১ জুন সোমবার রাতে আসা রিপোর্টে জানা গেছে আহসান উল্যা করোনায় আক্রান্ত ছিলেন।

জেলায় করোনায় যাদের মৃত্যু হয়েছে- জেলায় করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। তারা হচ্ছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) ও আমিনুল ইসলাম মিন্টু (৪৭) নামের দুই ব্যবসায়ী, সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক, বেগমগঞ্জের কুতুবপুরে শহিদুর রহমান (৬৬), চৌমুহনী পৌরসভা করিমপুরের বেলাল উদ্দিন (৫৭), চৌমুহনী পৌরসভার পশ্চিম গণিপুর হাজী আবুল খায়ের পাটোয়ারী (৭৪), নরোত্তমপুরে জতন লাল সাহা (৬৫), সুবর্ণচর উপজেলার চরবাটার মাঈন উদ্দিন মানিক (৬৫), নোয়াখালী পৌরসভা ৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুরের আব্দুর রাজ্জাক ফারুক (৫৫), সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে আব্দুল মান্নান মনু (৬১), বেগমগঞ্জের একলাশপুরের সাখায়েত উল্যাহ (৮০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের আহসান উল্যাহ (৫৩), কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জেন মোজাম্মেল হোসেন (৪৪), চৌমুহনী পৌরসভার কাজী মো. সোলায়মান (৬৪), বেগমগঞ্জ একলাশপুরের নূরুল হক (৬২), দূর্গাপুরের নবীর হোসেন (৬৫) ও শরীফপুর ইউনিয়নের মধ্য খানপুর গ্রামের মো হানিফ (৬০)।

আরও পড়ুন

×