নওগাঁয় ব্যাংককর্মীসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৩:০৬ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০৩:০৭
নওগাঁয় গত ২৪ ঘন্টায় এক ব্যাংককর্মীসহ আরও ১৩ জনের করেনা শনাক্ত হয়েছে। শনিবার রাতে ২১৬টি পাঠানো নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ ফল আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে। এ জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই জনের। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১জন।
রোববার সকালে জেলার সিভিল সার্জন ডা. আ.ম আখতারুজ্জামান আলাল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে ঢাকার আইইডিসিইআর থেকে পাওয়া নমুনা পরীক্ষার ফলে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৬ জন, রানীনগরে ৫, আত্রাই ও মান্দায় ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বলেন, জেলার মধ্যে সবচেয়ে বেশী করোনায় আক্রান্ত হয়েছেন নওগাঁ সদর উপজেলায় । নতুন ৬ জনসহ এখানে আক্রান্তের সংখ্যা ৫২ জন।
জেলা সিভিল সার্জন কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে , গত ২৪ ঘন্টায় জেলায় ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসা ৯৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। পাশপাশি গত ২৪ ঘন্টায় ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোমকোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭৮ জনকে। এ পর্যন্ত এই জেলায় কোয়ারেন্টেইনে নেয়া হয়েছে ৮ হাজার ৩শ ৪৩ জনকে । ছাড়পত্র দেয়া হয়েছে ৭ হাজার ২শ ৪২ জনকে। বর্তমানে জেলায় কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৯৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭ জন।
নওগাঁয় এ পর্যন্ত ৩ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শনিবার রাত পর্যন্ত মোট ৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৫৯ জনের করোনা পজেটিভ ফল এসেছে।
জেলা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান আলাল জানান, নতুন আক্রান্তদের মধ্যে করোনার কোন উপসর্গ ছিল না। তারপরও নমুনায় এদের পজেটিভ এসেছে। তিনি আরও জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।