ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সাবেক যুবদল নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক

সাবেক যুবদল নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক
×

জাহিন শেখ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০২:৪৫ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ০২:৪৭

চুয়াডাঙ্গায় সাবেক যুবদল নেতা জাহিন শেখকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তাঁর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত এবং দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের রজব আলীর ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছে জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, ধারালো অস্ত্রের আঘাতে জাহিন শেখের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত হয়েছে। তাঁর বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মক জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×