রাণীনগরে আরও ৫ জনের করোনা শনাক্ত
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৩:২৯
নওগাঁর রাণীনগর উপজেলায় আক্রান্ত এক নার্সের সংস্পর্শে আসা পাঁচজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত ওই পাঁচজন উপজেলার ধনপাড়া এবং মেরিয়া গ্রামের বাসিন্দা।
রাণীনগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩০ মে হাসপাতালের ২৬ বছর বয়সী এক নার্সের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর তার সংস্পর্শে আসা সম্ভাব্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ পরীক্ষার রিপোর্ট হাতে আসে। রিপোর্টে ওই নার্সের সংস্পর্শে আসা মিরাট ইউনিয়নের ধনপাড়া এবং মেরিয়া গ্রামের বৃদ্ধ ও কিশোরীসহ মোট ৫ জনের করোনা পজিটিভ আসে।
ডা. ইফতেখারুল আরও জানান, এর আগে হাসপাতালের ডাক্তার, নার্স, গাড়িচালক এবং ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতসহ মোট ১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ধীরে ধীরে ১৮ জনই সুস্থ হয়েছে। এরপর নতুন করে গত ৩০ মে এক নার্সের দেহে করোনার সংক্রমণ ধরা পড়লে তার সংস্পর্শে আসা কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে আরও পাঁচজনের দেহে সংক্রমণ ধরা পড়লো। এতে উপজেলায় এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
- বিষয় :
- করোনাভাইরাস
- করোনার প্রাদুর্ভাব