নোয়াখালীতে যুবলীগ নেতার কার্যালয়ে রাতের আঁধারে গুলি
গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত সাটার -সমকাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৪:০৩
নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জুর ঠিকাদারি প্রতিষ্ঠানে রাতের আঁধারে এলোপাথাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এসময় কার্যালায়ে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত সোয়া ৯ টার দিকে রেডক্রিসেন্ট মার্কের্টের নিচ তলায় এ ঘটনা ঘটে।
গুলিতে কার্যালয়ের সার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় মঞ্জু থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু তার ঠিকাদারি প্রতিষ্ঠান এন আলম এন্টারপ্রাইজের অপর অংশীদার এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী শহর যুবলীগের আহ্বায়ক নুর আলম ছিদ্দিকি রাজুও রেড ক্রিসেন্ট মার্কেটের নিচতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে কার্যালয় খুলে নিয়মিত বসেন।
যুবলীগ নেতা মঞ্জু জানান, তিনি শনিবার সন্ধ্যার আগেই অফিস বন্ধ করে বাসায় চলে যান। পরে রাত প্রায় সাড়ে ৯ টার দিকে অফিস এলাকা থেকে তাকে ফোন করে জানানো হয় ৮-১০টি মোটরসাইকেল যোগে এসে এক দল দুর্বৃত্ত তার অফিসে এলোপাথাড়ি গুলি করে চলে যায়। এ সময় দুর্বৃত্তরা তার নাম ধরে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং হামলাকারীদের চিৎকারে অফিস এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি বলতে পারেননি।
স্থানীয়রা জানান, এত বেশি পরিমাণে গুলি করা হয়েছে, যা অফিসের সাটার ভেদ করে ভিতরে দেয়ালে গিয়ে ঠেকে। এ সময় মঞ্জু যদি অফিসে থাকতেন নিশ্চিত গুলিবিদ্ধ হয়ে মারা যেতেন।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির ঘটনার পর পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মঞ্জুর অফিসে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৩-৪ টি মোটরসাইকেল যোগে হেলমেট ও মুখোশ পরিহিত ৮-৯ জন যুবক রাত ৯ টা ১৮ মিটিরে সময় মঞ্জুর কার্যালয় লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রোববার বিকেল ৩ টা পর্যন্ত থানা কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- নোয়াখালী
- যুবলীগ নেতা
- গুলি