খুলনা মেডিকেলে করোনা উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ১৪:১৭
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার একদিনে মারা গেলেন ৫ জন। তাদের মধ্যে সকালে দু'জন ও রাতে তিনজনের মৃত্যু হয়।
রাতে মারা যাওয়া ৩ জন হলেন- যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোসলেম দফাদারের ছেলে মোহাম্মদ আলম (৩০), খুলনা মহানগরীর দৌলতপুর থানার কুলিবাগান এলাকার রাজিব হোসেনের মেয়ে মীম (১২) এবং সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দশ খড়িয়াডাঙ্গা গ্রামের সুশান্ত মণ্ডলের ছেলে রিপন (২২)।
এর আগে সকালে মারা যান নড়াইল সদরের হাটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া কলোনি রোডের বাসিন্দা বদরুল আলমের স্ত্রী কামরুন নাহার (৪৫)।
ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মিজানুর রহমান জানান, লিভারের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলম রোববার দুপুর তিনটার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। আর মীমকে জ্বর ও কাশি নিয়ে রোববার রাত ১১টায় ভর্তি করা হয়, রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া জ্বর ও কাশিতে আক্রান্ত রিপন মণ্ডলকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এর আগে রোববার সকাল সোয়া ৮টায় রোকেয়াকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তিনি মারা যান। এছাড়া কামরুন নাহারকে (৪৫) শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার সকাল ৭টায় মারা যান। তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলেও জানান ডা. মিজানুর।
- বিষয় :
- করোনা উপসর্গ
- খুলনা