ফেসবুকে সাংবাদিকের আকুতি ‘আমার মায়ের জন্য কোনো আইসিইউ হবে?’
লুৎফা বেগম
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৯:৫৪
‘আমার মায়ের জন্য কোনো আইসিইউ হবে??? কেউ কি একটু সাহায্য করবেন??’ - সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোববার রাত ৩টার দিকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন সাংবাদিক একুশ তাপাদার। এই স্ট্যাটাস দেওয়ার ঘণ্টাখানেক পর ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ক্রীড়া প্রতিবেদক একুশের মা লুৎফা বেগম তাপাদার (৭৫) মারা যান। তিনি কয়েকদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
রোববার রাত ১০টার দিকে লুৎফা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর রাত ২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউ সেবার প্রয়োজন দেখা দেয়। ওসমানী হাসপাতালে আইসিইউতে সিট খালি পাওয়া যায়নি। এরপর নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে খোঁজ করা হয়। সোমবার ভোর ৪টার দিকে ওসমানীতেই মারা যান লুৎফা বেগম।
সাংবাদিক একুশের বন্ধুরা জানিয়েছেন, নগরীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে যোগাযোগ করেও তারা আইসিইউ ব্যবস্থা করতে পারেননি।
একুশের স্ত্রী সৃজিতা মিতু জানিয়েছেন, সোমবার জোহরের নামাজের পর বিয়ানীবাজারে গ্রামের বাড়িতে লুৎফা বেগমের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। মরহুমা লুৎফা বেগম নগরীর উপকন্ঠ বটেশ্বরে থাকতেন। একুশের বাবা যুক্তরাজ্যে থাকাকালীন অবস্থায় আগেই মারা যান।
- বিষয় :
- সিলেট
- ফেসবুক
- আইসিইউ
- করোনাভাইরাস
- সাংবাদিক