নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে' ডাকাতি মামলার আসামি নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০০:১৭ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০০:৫৯
নওগাঁর পোরশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন দুখু (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের বালিয়াচান্দা ফকিরের মোড়ে এ বন্দুকযুদ্ধ হয়।
দেলোয়ার উপজেলার অনাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ উপজেলার নিতপুর যমুনা বাগানে বসবাস করতেন। তিনি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পোরশা থানার ওসি শাহিনুর রহমান বলেন, 'সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ারকে যমুনা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুসারে তাকে সঙ্গে নিয়ে রাত সোয়া ৩টার দিকে গাঙ্গুরিয়া ইউনিয়নের বালিয়াচান্দা ফকিরের মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় দেলোয়ারের সঙ্গীরা অতর্কিতভাবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় দেলোয়ার গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
ওসি আরও বলেন, 'এসময় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি কাটা পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি হাসুয়া, একটি রামদা, একটি চাপাতি ও ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।'
- বিষয় :
- বন্দুকযুদ্ধ
- নিহত
- নওগাঁ