ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সাদুল্যাপুরে করোনায় প্রথম ১ জনের মৃত্যু

সাদুল্যাপুরে করোনায় প্রথম ১ জনের মৃত্যু
×

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০১:০৪

গাইবান্ধার সাদুল্যাপুরে করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত ব্যক্তির নাম নুরুল আমিন ফুল মিয়া (৬৮) । তিনি উপজেলার ভাতগ্রামের মৃত শুকুর উদ্দিন সরকারের ছেলে।

উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম মণ্ডল জানান, এক সপ্তাহ আগে নুরুল আমিন ফুল মিয়ার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছিল। মারা যাওয়ার পর নমুনা পরীক্ষার ফলে তিনি করোনা পজিটিভ ছিলেন বলে জানা গেছে।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল আমিন ফুল মিয়া দীর্ঘদিন ধরে অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। বাজারের পাশে বাড়ি হওয়ায় তিনি প্রায় সময়ে চা খেতে ভাতগ্রাম বাজারে যেতেন। সেখানে থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে তারা ধারণা করছেন।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে সোমবার রাতেই যথাযথ নিয়ম মেনে ইসলামীক ফাউন্ডেশনের সহায়তায় মৃতদেহর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান,মৃত ব্যক্তির পরিবার সদস্যদের লকডাউনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাদুল্যাপুরে মঙ্গলবার পর্যন্ত মোট ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১ জন। সুস্থ্ হয়েছেন ৩ জন। এ উপজেলায় আইসোলেশনে আছেন ৯ জন। এছাড়া বাইরে থেকে আসা ১৬৭ জন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন। 

আরও পড়ুন

×