ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম আদালতে হাজিরা দিলেন ‘ইয়াবা সম্রাট’ বদি

চট্টগ্রাম আদালতে হাজিরা দিলেন ‘ইয়াবা সম্রাট’ বদি
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ২০:১৪

দুর্নীতির মামলায় চট্টগ্রাম আদালতে হাজিরা দিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ‘ইয়াবা সম্রাট’ আবদুর রহমান বদি।  সোমবার তাঁকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে উপস্থাপন করে পুলিশ। এর আগে চট্টগ্রাম কারাগার থেকে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজিরার জন্য আনা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট ইন্সপেক্টর।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিক জানান, মামলাটি ২০০৮ সালের। বদি তখন পৌরসভার দায়িত্বে ছিলেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। সোমবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ইসলামী ব্যাংক টেকনাফ শাখার সাবেক ব্যবস্থাপক বর্তমানে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক আবদুল নাসের ও ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার তৎকালীন কর্মকর্তা বর্তমানে প্রধান কার্যালয়ের এভিপি মিজানুর রহমান।

দুদক সূত্র জানায়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরের বছর তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি। মামলার সময় বদি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। পরে তিনি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনলে মামলার কার্যক্রম স্থগিত থাকে। সেই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচারের আদেশের বিরুদ্ধেও হাইকোর্টে যান বদি। ২০২২ সালের জানুয়ারি মাসে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন। পরে ওই বছরের ২২ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চলতি বছরের ২৪ আগস্ট নগরীর পাঁচলাইশ এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করে র্যা ব-৭। সরকার পতনের পর টেকনাফ থানার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে বদির নাম রয়েছে। সে হিসেবে তিনি ইয়াবা সম্রাট হিসেবে অধিক পরিচিত। তালিকায় মাদকের ‘গডফাদার’ হিসেবে তাঁর চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দুপুরে টেকনাফের সাবেক এমপি বদিকে আদালতে হাজির করা হয়। পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে আবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

×